মাত্র ৫০ হাজার টাকা যৌতুকের জন্য কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাত কাজলা গ্রামের হারেছ মিয়ার মেয়ে রেখা আক্তারকে (২০) দা দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যার দায়ে পলাতক স্বামী জিয়াউদ্দিনকে (২৬) মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শঙ্কর হালদার সোমবার বিকালে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। জানা গেছে, পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার শ্যামপুর গ্রামের আবদুস ছোবহানের ছেলে জিয়াউদ্দিন ২০০৬ সালের মার্চ মাসে রেখা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন।
বিয়ের পর থেকেই তিনি ৫০ হাজার টাকা কিংবা জমি কিনে দেয়ার জন্য স্ত্রী রেখা আক্তারের ওপর নির্যাতন শুরু করে তার স্বামী। যৌতুক এবং জমি না পেয়ে অবশেষে ২০০৬ সালের ৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে সে দা দিয়ে স্ত্রী রেখার গলা কেটে নৃশংসভাবে হত্যা করে পলাতক হয়।
এ ঘটনায় রেখার বাবা মো. হারেছ মিয়া বাদী হয়ে ১৫ জুলাই মেয়ের স্বামী জিয়াউদ্দিনকে একমাত্র চিহ্নিত আসামি করে তাড়াইল থানায় মামলা রুজু করেন।
এ মামলায় পুলিশ তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার কিশোরগঞ্জের শিশু ও নারী নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শঙ্কর হালদার স্ত্রী হত্যা মামলায় স্বামী জিয়াউদ্দিনকে মৃত্যুদণ্ড প্রদানের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।