ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

বাড়ি থেকে ফিরে মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের শিকার ২ নারী

ads

পরিবারের সঙ্গে ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বাসার প্রবেশদ্বারের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত এই ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী একটি বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চাপাতি হাতে দুই ব্যক্তি সেখানে উপস্থিত হন।


চাপাতির ভয় দেখিয়ে তারা প্রথমে রিকশাচালককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় ভুক্তভোগীদের কাছে থাকা মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা।


মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী নারীরা ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকায় এসে শ্যামলীতে নামেন। পরে রিকশায় করে নূরজাহান রোডের বাসায় ফেরার সময় বাড়ির সামনে পৌঁছালে তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page