কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চারজন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোনের পরিবারের সদস্য। তাঁরা হলেন- মাওলানা ফয়সাল আহমেদের বোন ঝর্না বেগম (৪০), ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন (৫০), ভাগনি লাবিবা (১৮) এবং ভাগনে সাইফ (৭)। তাঁরা সবাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা।
এ দুর্ঘটনায় নিহত অপরজন হলেন প্রাইভেটকার চালক জামাল হোসেন, যাঁর বাড়ি বরিশালে। এছাড়া আবরার নামে এক শিশু বর্তমানে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে একটি প্রাইভেটকার চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মহাসড়কের কালাকচুয়া এলাকায় পৌঁছালে একইমুখী একটি দ্রুতগামী স্টার লাইন বাস প্রাইভেটকারটিকে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ চালক জামাল হোসেন ও শিশু আবরারকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক চালক জামালকে মৃত ঘোষণা করেন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, দুর্ঘটনার পরপরই চালক বাসটি ফেলে পালিয়ে গেছেন। তবে ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পলাতক বাস চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।