মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করতে বড় অঙ্কের আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি বছরের শেষ নাগাদ যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন, তাদের প্রত্যেককে ৩ হাজার ডলার করে সহায়তা দেওয়া হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই তথ্য নিশ্চিত করেছে।ডিএইচএস জানায়, আগে এই সহায়তার পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। বর্তমান প্রশাসন তা তিন গুণ বাড়িয়ে ৩ হাজার ডলার নির্ধারণ করেছে। নগদ অর্থের পাশাপাশি অভিবাসীদের নিজ দেশে ফেরার জন্য বিনা মূল্যে বিমান টিকিটও দেওয়া হবে।
এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম বলেন, ‘অবৈধ অভিবাসীদের উচিত এই সুযোগ গ্রহণ করে স্বেচ্ছায় দেশত্যাগ করা। অন্যথায় সরকার তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করবে। সেক্ষেত্রে তারা আর কখনো যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ পাবে না।’ট্রাম্প প্রশাসন চলতি বছরের মার্চে ‘সিবিপি হোম’ নামে একটি অ্যাপ চালু করে, যার মাধ্যমে অভিবাসীরা স্বেচ্ছায় দেশত্যাগের আবেদন করতে পারছেন। উল্লেখযোগ্যভাবে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে একই অ্যাপ ‘সিবিপি ওয়ান’ নামে পরিচিত ছিল এবং তা মূলত যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের কাজে ব্যবহৃত হতো।
ডিএইচএসের হিসাব অনুযায়ী, একজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার, আটক ও জোরপূর্বক বহিষ্কার করতে সরকারের গড়ে প্রায় ১৭ হাজার ডলার ব্যয় হয়। সে তুলনায় স্বেচ্ছায় ফেরত পাঠাতে ৩ হাজার ডলার ব্যয় সরকারকে অনেক বেশি সাশ্রয়ী করে তুলবে।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্প প্রতি বছর ১০ লাখ অভিবাসী প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ২২ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। আগামী ২০২৬ সাল থেকে এই অভিযান আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্য বাস্তবায়নে নতুন এজেন্ট নিয়োগ, ডিটেনশন সেন্টার নির্মাণ এবং অবৈধ অভিবাসী শনাক্তে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিচ্ছে মার্কিন সরকার।