বছরের শুরুতে সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ পরিচালনার জন্য আলোচনায় আসেন নির্মাতা রিমা কাগতি। ছবিটি মুক্তির পরপরই তিনি হাত দেন নতুন কাজে—জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দাহাড়’-এর দ্বিতীয় মৌসুমের চিত্রনাট্য রচনায়। আর এবার জানা গেল, আবারও তিনি একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সোনাক্ষী সিনহার সঙ্গে।পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, রিমা কাগতি এরই মধ্যে দাহাড় ২-এর চিত্রনাট্য লক করেছেন। সিরিজটি বর্তমানে রয়েছে প্রি-প্রোডাকশনের পর্যায়ে। ডিসেম্বর ২০২৫-এ শুটিং শুরু হওয়ার কথা।
সূত্র জানিয়েছে, সোনাক্ষী সিনহা আবারও ফিরবেন এসআই অঞ্জলি ভাটির ভূমিকায়। অন্যদিকে, অন্যান্য চরিত্রের জন্য চলছে কাস্টিং। আগের মতো এবারের মৌসুমেও একজন শক্তিশালী অভিনেতাকে নেওয়া হবে খলনায়ক চরিত্রে।২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দাহাড়’ ওয়েব সিরিজের মাধ্যমে সোনাক্ষী সিনহার ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটে। সেখানে তার বিপরীতে খলনায়কের চরিত্রে ছিলেন বিজয় ভার্মা। মুক্তির পর সিরিজটি দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই ব্যাপক প্রশংসা পায় এবং বছরের অন্যতম আলোচিত ওয়েব সিরিজে পরিণত হয়।