ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কারাবাখে আবারও হামলার অভিযোগ আজারবাইজানের

ads

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে আজেরি বাহিনীর সেনা ইউনিটে হামলা চালিয়েছে একটি অবৈধ আর্মেনিয় সশস্ত্র গ্রুপ বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবারের হামলায় এক আজেরি সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে বলেও দাবি তাদের। আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রবিবার (২৭ ডিসেম্বর) বিকালে খোজাবেন্দ এলাকায় চালানো হামলাটি প্রতিহত করা হলে ছয় হামলাকারী নিহত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। ভয়াবহ এই সংঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানির পর রুশ মধ্যস্থতায় শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে গত ১০ নভেম্বর সংঘাতের অবসান ঘটে। গুরুত্বপূর্ণ সেই চুক্তির আওতায় আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা কারাবাখের তিনটি জেলা আজারবাইজানের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার খোজাবেন্দ সেনা ইউনিটে আর্মেনিয় গোষ্ঠীর হামলার কথা জানানো হয়। আর্মেনিয় গোষ্ঠী আবারও হামলা চালালে ব্যাপক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

আজেরি মন্ত্রণালয়ের বিবৃতির কয়েক ঘণ্টা আগে পার্শ্ববর্তী হাদরুত এলাকায় সংঘাতের খবর অস্বীকার করে আর্মেনিয়ার প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, নাগোরনো-কারাবাখের নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো কঠোরভাবে যুদ্ধবিরতি মেনে চলছে।


উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছিল আর্মেনিয় বিচ্ছিন্নতাবাদীরা। ১৯৮০-এর দশকের শেষদিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়। পরে ২০১৬ সালের শুরুতে আবারও সংঘাতে জড়ায় দুই পক্ষ।

ads
ads
ads

Our Facebook Page