অস্ত্র আইনের মামলায় রিয়েল এস্টেটের মালিক মো. ইমাম হোসেন নাসিম ও তার স্ত্রী হালিমা আক্তার সালমার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এতে তাদের দুজনের বিরুদ্ধে শতাধিক মামলা আছে বলে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপনগর থানার উপ-পরিদর্শক মো. ওমর কাইউম ২০ জনকে সাক্ষী করে এ অভিযোগপত্র দাখিল করেন। বুধবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা গেছে, অভিযোগপত্র আদালতে দাখিল করার পর গত ২৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াদ মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, রাজধানীর রূপনগর বিইউবিটি এলাকায় মাদক বিরোধী অভিযোগ চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে তিন টার দিকে আসামিদের তল্লাশি করার সময় পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। তারপর জিজ্ঞাসাবাদ শেষে আসামি ইমাম হোসেন নাসিম নিজ হাতে বেড রুমের আলমারির ভেতর থেকে একটি সচল ও সক্রিয় বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন বের করে দেয়। পরস্পর যোগসাজশে আসামি ইমাম হোসেন নাসিম নিজ হেফাজতে অবৈধ গুলিভর্তি পিস্তল রাখে এবং তার স্ত্রী আসামি হালিমা আক্তার সালমা অস্ত্রগুলি নিজের স্বজ্ঞানে রেখে তারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক/১৯-চ ধারায় অপরাধ করেছে, যা মামলার ঘটনাটি সত্য বলে প্রতীয়মান হয়। কিন্তু এ মামলার ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না সেই কোন তথ্য পাওয়া যায়নি।
অভিযোগপত্রে রিয়েল এস্টেটের মালিক মো. ইমাম হোসেন নাসিম ও তার স্ত্রী হালিমা আক্তার সালমার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা। এমনকি দুইজন আসামি তাদের বিরুদ্ধে শতাধিক মামলা আছে নিজেরা বিষয়টি স্বীকার করেন। যার সত্যতা হিসেবে তদন্তে সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়া যায়।
এর আগে ৬ অক্টোবর তিন দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জহিরুল হক শামীম তাদের জামিন আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে দুই আসামি কারাগারে আটক রয়েছে।
এদিকে গত ২ অক্টোবর তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তৃতীয় স্ত্রীসহ নাসিমকে গ্রেফতার করে র্যাব-৪।
এ সময় তাদের থেকে একটি ৭ দশমিক ৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, এক লাখ ৩৫ হাজার জাল টাকা, ১৪শ পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ, চারটি ওয়াকিটকি সেট, ছয়টি পাসপোর্ট, ৩৭টি ব্যাংক চেক বই এবং ৩২টি সিম কার্ড উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়।