বেগম রোকেয়ার জন্মদিনের দিন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলেরও জন্মদিন উল্লেখ করে তার জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন: আমি সায়মার জন্য আপনাদের কাছে দোয়া চাই। সেও সমাজে প্রতিবন্ধী এবং অটিস্টিক যারা তাদের নিয়ে সে কাজ করে যাচ্ছে। আজকে তারই উদ্যোগে জাতিসংঘে রেজুলেশন পাস হয়েছে এবং এ ব্যাপারে সচেতনা সৃষ্টি হয়েছে।বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন। সমাজসেবায় বিভিন্ন অবদানের জন্য এ বছর পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক ২০২০ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ। ১৯৭২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। ৪৯ বছর বয়সে পা দিলেন তিনি। সারাবিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি পুতুল বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন ও সিআরআই-এর ট্রাস্টি ও ভাইস-চেয়ারপার্সন হিসাবে দায়িত্বে আছেন।
সায়মা ওয়াজেদ পুতুল ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যে তার কাজ বিশ্বজুড়ে প্রশংসা পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালের সেপ্টেম্বরে পুতুলকে ‘হু অ্যাক্সিলেন্স’ অ্যাওয়ার্ডে ভূষিত করে
।